Saturday, 13 February 2016

ব্যাংক বুথে অদ্ভুত ট্রানজেকশন!

একটি বেসরকারি ব্যাংকের এটিএম কার্ডধারী অন্তত ২১ জন গ্রাহকের হিসাব থেকে টাকা উধাও হওয়ার ঘটনায় গতকাল শুক্রবার সব ব্যাংকের জন্য সতর্কতা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। বিভিন্ন ব্যাংক তাদের নিজস্ব এটিএম বুথ ছাড়া অন্য ব্যাংকের বুথ থেকে টাকা তোলার সুযোগ সাময়িকভাবে স্থগিত করে।
বেসরকারি ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) কর্তৃপক্ষ জানায়, গতকাল তাদের ২১টি গ্রাহক হিসাব থেকে অন্য কেউ টাকা তুলে নিয়েছেন বলে অভিযোগ করেন। বিষয়টি খতিয়ে দেখে তারা দ্রুত বাংলাদেশ ব্যাংককে অবহিত করে। তারা নিজেদের এটিএম কার্ড সেবা সাময়িকভাবে বন্ধ করে দেয়। তবে সাইবার সন্ত্রাস, নাকি প্রযুক্তিগত সমস্যার কারণে এই টাকা উধাওয়ের ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। 
ব্যাংক কর্তৃপক্ষ আরও জানায়, অভিযোগগুলো পাওয়ার পরে প্রথমে টাকা উত্তোলনের পরিমাণ (উইথড্র লিমিট) কমিয়ে ২০ হাজার করা হয়। এরপরও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দুপুরের দিকে অনলাইনে লেনদেনের ব্যবস্থা ন্যাশনাল পেমেন্ট সুইচের (এনপিএস) লিঙ্কটি বন্ধ করে দেওয়া হয়। নিজস্ব সিস্টেমও বন্ধ করে দেয় ইবিএল। এর ফলে এটিএম বুথগুলো থেকে গ্রাহকেরা আর টাকা তুলতে পারেননি। কয়েক ঘণ্টা এটিএম লেনদেন বন্ধ থাকার পরে সন্ধ্যা ছয়টার দিকে আবারও বুথগুলো চালু করা হয়। যারা অভিযোগ করেছেন, তাদের বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। বাংলাদেশ ব্যাংককে বিষয়টি জানানো হয়েছে। আর্থিক ক্ষতির পরিমাণ সম্পর্কে কর্তৃপক্ষ জানায়, একেকটি হিসাব থেকে দিনে এক লাখের বেশি টাকা তোলা যায় না। যার ফলে সব মিলিয়ে খোয়া যাওয়া টাকার পরিমাণটা খুব বেশি হবে না। তারা দাবি করেন, ইবিএলের বুথ থেকে এ রকম কোনো ঘটনা ঘটেনি। তবে ইবিএলের কার্ডে ভিসা সুবিধা যুক্ত থাকায় অন্য ব্যাংকের এটিএম বুথেও এই কার্ড ব্যবহার করা যায়। অন্য ব্যাংকের বুথ থেকেই জালিয়াতিটা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা বলেন, এটা সাইবার আক্রমণ, নাকি প্রযুক্তিগত সমস্যা— তা এখনো নিশ্চিতভাবে বলা যাবে না। তদন্ত করে এটা বের করার পরে গ্রাহকের স্বার্থ সংরক্ষণে বাংলাদেশ ব্যাংক কাজ করবে এবং সে অনুযায়ী ব্যাংকগুলোকে নির্দেশনা দেবে। তিনি আরও বলেন, দেশে প্রায় ৯০ লাখ এটিএম কার্ডের গ্রাহক রয়েছেন। গতকাল কী কারণে একটি ব্যাংকের গ্রাহকদের এ সমস্যা হলো, তা দেখার বিষয়। যদি ন্যাশনাল পেমেন্ট সুইচে সমস্যা হয়, তাহলে কার কী দায়, তা নির্ধারণের বিষয় রয়েছে। আবার সংশ্লিষ্ট ব্যাংকের অভ্যন্তরীণ সিস্টেমে কোনো সমস্যা হলে তাও বের করা যাবে। তবে ইবিএলকে অবশ্যই গ্রাহকদের ক্ষতিপূরণ দিতে হবে। 



সূত্রঃ প্রথম আলো

No comments:

Post a Comment